সুজানগরে স্কুলছাত্র খুন
পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের একটি মাঠ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ইমন হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
সে ইউনিয়নের কাতিয়ান গ্রামের আয়েন উদ্দিনের ছেলে ও কাদোয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ছেলেটি পড়ালেখার পাশাপাশি ইঞ্জিনচালিত রিকশাভ্যান চালাত।
নিহত ছাত্রের পারিবারিক সূত্র জানায়, ইমনের বাবা দরিদ্র দিনমজুর। ফলে সংসার চালাতে ইমন পড়ালেখার পাশাপাশি ইঞ্জিনচালিত অটোভ্যান চালাত। গত বুধবার সন্ধ্যায় সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শুটকার মোড় থেকে যাত্রী নিয়ে রায়পুর যায়। এরপর সে আর ফিরে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে ভিটবিলা গ্রামের একটি ফসলের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি নুর ইসলাম বলেন, নিহত ছাত্রের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ছেলেটিকে হত্যা করা হয়েছে।