সুজিনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে সুজিনা হত্যা মামলার প্রধান আসামি জুনাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিলেট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিন মাস আগে সৎবাবার বাড়িতে ঢুকে একদল দুর্বৃত্ত সুজিনা বেগমকে (২১) ছুরিকাঘাত করে হত্যা করে। সুজিনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ আহমদের দ্বিতীয় স্ত্রী।
জুনাব আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, গত ২৩ জুলাই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ এই ঘটনায় জড়িত গয়াছ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে গত ২৫ জুলাই সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন আক্তারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গয়াছ মিয়া। গয়াছের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই রাতে ঘটনার সঙ্গে জড়িত সজলু রাজা চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়।
জবানবন্দিতে গয়াছ মিয়া বলেছিলেন, প্রবাসী মুরাদ আহমদের প্রথম স্ত্রী সাবিনা বেগমের পরিকল্পনায় ছয় লাখ টাকার চুক্তিতে সুজিনা বেগমকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে মোট সাতজন জড়িত ছিলেন। এর মধ্যে ঘটনার দিন সুজিনার সৎবাবার বাড়ির ভেতরে ছিলেন চারজন ও সড়কের মধ্যে ছিলেন তিনজন।
হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী (আবদুল্লাহপুর) গ্রামের জুনাব আলী (সাবিনার সৎভাই), সাবিনার চাচাতো ভাই একাধিক ডাকাতি ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওলাদ মিয়া, একই গ্রামের গয়াছ মিয়া, জহিরপুর গ্রামের সজলু রাজা চৌধুরী।