সুটকেস থেকে বণিক বার্তার কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম

দৈনিক বণিক বার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার ২১১/১-এ নম্বর বাড়ির পাঁচতলার একটি মেস থেকে সুটকেসের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরের দূরসম্পর্কের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন রায়হান (২১), নাজমুল হাসান (২৩) ও ফাহিম হাসান খান (২২)। জাহাঙ্গীর ও ফয়সালের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী রোকসানা পারভীন এ ঘটনায় ফয়সাল, রায়হান, নাজমুল ও ফাহিমকে আসামি করে গতকাল খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ব্যবসায়িক লেনদেনের কারণে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন জাহাঙ্গীর।
রোকসানা পারভীন প্রথম আলোকে বলেন, ‘১৫ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। ওই দিন তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জাহাঙ্গীরের খবর জানতে একাধিক বার ফয়সালের সঙ্গে কথা বলি। কিন্তু ফয়সাল আমাকে বলে সে কিছু জানে না।’
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বলেন, জিডির পর ঘটনার তদন্তে নামে পুলিশ। গত বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ধামরাইয়ের সুংঘর এলাকায় রায়হানের বাড়ি থেকে ফয়সাল ও রায়হানকে ধরা হয়। পরে শুক্রবার সকালে মেসের ওই কক্ষে একটি সুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। ফয়সাল এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাহাঙ্গীরের শ্যালক আশরাফুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর দূরসম্পর্কের খালাতো ভাই। চাকরির পাশাপাশি গার্মেন্টসের পোশাক কেনাবেচার ব্যবসা করতেন তাঁরা। মাস খানেক আগে ফয়সালের কাছে প্রায় চার লাখ টাকা মূল্যের এক হাজার পিস প্যান্ট বিক্রি করেছিলেন জাহাঙ্গীর। বেশ কয়েক বার ফয়সালের কাছে এ টাকা তাঁর ভগ্নিপতি চেয়েছিলেন।
খিলক্ষেত থানাহাজতে ফয়সাল বলেন, ‘আমি তো একা জাহাঙ্গীরকে মারিনি। রায়হান, নাজমুল ও ফাহিম সবাই আমার সঙ্গে ছিল।’
এদিকে খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ফয়সালের সঙ্গে দেখা করতে খিলক্ষেতের মেসে আসেন জাহাঙ্গীর। এরপর নাজমুল ও রায়হান বাইরে চলে যান। সে সময় জাহাঙ্গীর ও ফয়সাল ছাড়াও মেসে ছিলেন ফাহিম। সন্ধ্যায় নাজমুল ও রায়হান ফিরে দেখেন, জাহাঙ্গীরের লাশ মেঝেতে পড়ে আছে। লাশ দেখে তাঁরা বাইরে যান। এ সময় ফাহিমকে সঙ্গে নিয়ে লাশটি সুটকেসে ভরেন ফয়সাল। পরে নাজমুল ও রায়হান ফিরে আসেন মেসে। চারজন মিলে লাশটি গুম করার পরিকল্পনা করা হয়। একপর্যায়ে মেসে লাশটি রেখে মাইক্রোবাস ভাড়া করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেন তাঁরা। কিন্তু কোনোভাবেই জাহাঙ্গীরের লাশটি বাইরে আনা সম্ভব হচ্ছিল না। দুদিন রাখার পর বৃহস্পতিবার লাশ থেকে দুর্গন্ধ বের হয়। পরে ফয়সাল ও রায়হান ধামরাই চলে যান। এরপর রাতে ফাহিম খিলক্ষেত থানায় খবর দেন।
গতকাল দুপুরে থানায় ফাহিম প্রথম আলোকে বলেন, ‘আমরাই তো পুলিশকে খবর দেই। অভিযানে সাহায্য করেছি। এখন আমাদেরই থানায় রাখা হয়েছে।’
মেস থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেন খিলক্ষেত থানার ডোম মো. হানিফসহ দুজন। হানিফ প্রথম আলোকে বলেন, লাশটির মুখ ও চার হাত-পায়ে কাপড় ও শক্ত করে টেপ বাঁধা ছিল। এ ছাড়া গলায় বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। একজনের পক্ষে সুটকেসে লাশটি ভরা সম্ভব নয়। যে কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়, সেখানে কিছু ইয়াবা ও তাস ছড়ানো ছিল।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, প্রায় এক বছর আগে পাঁচতলার ওই বাড়ির পশ্চিম পাশের ফ্ল্যাটটি ভাড়া নেন রায়হান, নাজমুল ও ফাহিম। বাড়ির মালিক নেহাজউদ্দিন ভুঁইয়ার জামাতা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তিন যুবক উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে ভাড়া নিয়েছেন। তবে ফয়সাল নামে কাউকে আমরা চিনি না। বুধবার ভাড়া নেওয়ার জন্য পাঁচতলায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা বন্ধ।’
জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
জাহাঙ্গীর এ মাসেই দৈনিক বণিক বার্তা পত্রিকায় যোগ দেন।