সুটকেসে যুবকের গলাকাটা লাশ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় গতকাল শনিবার একটি সুটকেসের মধ্য থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার কুড়িপাড়া এলাকায় সকালে রাস্তার পাশে একটি সুটকেস পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুটকেস খোলার পর গলাকাটা যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩২ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ সুটকেসে ভরে ফেলে দিয়ে গেছে।
ওসি জানান, লাশটি কমলা রঙের কম্বল ও ছাপা চাদর দিয়ে মোড়ানো ছিল। নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো গেঞ্জি। নিহতের বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ সূত্র জানায়, সুটকেস থেকে দুটি চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।