সুটকেসে শিশুর লাশ, শরীরে ছ্যাঁকা, জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গত সোমবার রাতে সুটকেসের ভেতর থাকা একটি ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ও কপালে ছ্যাঁকার দাগ রয়েছে। পিঠে পাঁচ ইঞ্চির মতো গভীর জখম। থুতনিতেও জখমের চিহ্ন ছিল। শিশুটির বয়স আনুমানিক নয় বছর।
শাহবাগ থানার পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ-সংলগ্ন নার্সিং কলেজের পাশের সড়ক থেকে ওই সুটকেসটি উদ্ধার করা হয়। কালো রঙের সুটকেসটি লম্বায় ৩০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। এর ভেতরে দুই পা ভাঁজ করে বিছানার চাদর দিয়ে ঢাকা ছিল লাশটি। শিশুটির পরনে হাফ প্যান্ট ও গোলাপি রঙের অর্ধহাতা গেঞ্জি ছিল। গায়ের রং শ্যামলা। সুটকেসের ভেতরে নীল রঙের আলাদা একটি ফুল প্যান্টও ছিল। যেখানে সুটকেসটি ছিল, তা ঢাকা মেডিকেলের তুলনামূলকভাবে নির্জন ও অন্ধকার স্থান।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র এবং স্থানীয় কয়েকজন ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সুটকেসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, সুটকেসটি আটকানো থাকলেও বাইরে মানুষের কিছু চুল বেরিয়ে আছে। পরে অল্প চেইন খুলে শিশুর লাশ দেখে আঁতকে ওঠেন সবাই। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
এসআই মইনুল বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো বাসায় কাজ করত। তাকে বেশ কয়েক দিন ধরে ইস্তিরির ছ্যাঁকা ও খুন্তি দিয়ে জখম করে নির্যাতন চালানো হয়েছে। শরীর দেখে মনে হয়েছে, তাকে বেশ কয়েক দিন খাবারও দেওয়া হয়নি। পরে অত্যাচার-নির্যাতনের পর শিশুটি মারা গেলে তাকে সুটকেসে ভরে ওই এলাকায় ফেলে দেওয়া হয়। ছ্যাঁকা ও জখম দেখে পুরোনো বলেই মনে হচ্ছে। তবে অত্যাচার-নির্যাতনে গত সোমবারই শিশুটির মৃত্যু হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়েছে।
এসআই বলেন, ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শিশুটির ছবি তুলেছে। রাজধানীর বিভিন্ন থানায় শিশুর লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। ডিবি ও থানা পুলিশ মিলে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে।