সুড়ঙ্গ করে গুদামে চুরির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা সুড়ঙ্গ করে দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে চুরি করার চেষ্টা চালিয়েছিল। বন্দরের নিরাপত্তাপ্রহরীরা দেখে ফেলায় তাদের চেষ্টা ভেস্তে গেছে। গত রোববার রাতে বন্দরের পানামা পোর্টের ভেতরে এ ঘটনা ঘটে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্টের নিরাপত্তাপ্রহরী ইউনুস আলী জানান, রোববার রাত নয়টার দিকে পোর্টের ভেতরে পূর্ব দিকে গুদামে শব্দ শুনতে পান। সেদিকে গেলে কিছু লোককে পালিয়ে যেতে দেখা যায়। পরে অন্য প্রহরীদের নিয়ে গুদামের পেছনে গিয়ে দেখেন, পূর্ব দিকে দেয়ালের নিচ দিয়ে ১০ থেকে ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। এ সময় সেখান থেকে সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত শাবল, বল্লম ও বালতি উদ্ধার করা হয়।

হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মহিবুর রহমান ভুঞা জানান, চক্রটি গুদামের নিচ পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে ফেলেছিল। শুধু মেঝে ফুটো করলেই চক্রটি গুদামে ঢুকতে পারত। ওই গ‌ুদামে বিজিবির আটক করা মোটরসাইকেলসহ কোটি টাকার বিভিন্ন প্রকার পণ্য রয়েছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।