
সড়কের পাশে ব্যক্তিমালিকানাধীন জমি। নিচু এই জমি উঁচু করতে দীর্ঘ পাইপ বসিয়ে পলিমাটি ফেলা হচ্ছে। এখানে অন্যায়ের কিছু নেই। কিন্তু ওই পাইপ টানা হয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে। সওজের কোনো অনুমতি না নিয়েই কাজটি করেছেন জমির মালিক।
সিলেট নগরে ঢোকার মুখে সড়কের টুকেরবাজারের কাছে এ সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সড়কের ওই অংশ। সড়কের আড়াআড়ি ক্ষতি হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে সড়ক বিভাজকও।
জমির মালিক হেলাল উদ্দিন। তিনি তেমুখী এলাকার একটি পেট্রলপাম্পের মালিক। পেট্রলপাম্পটির পেছনে প্রায় চার একর জমি উঁচু করতে দুই সপ্তাহ আগে পাইপ বসানো হয়। সেই পাইপ দিয়ে পলিমাটি আনার কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আগে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের খুব বেশি নিচে না গিয়ে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। এতে সড়কের সেই অংশের মাটি দেবে গেছে। দেবে যাওয়া অংশে ইট-সুরকি ফেলা হয়েছে। ওই অংশে ফাটল দেখা দেওয়ায় ভেঙে পড়েছে সেখানকার সড়ক বিভাজকও। এ অবস্থায় সড়কের ওই অংশ দিয়ে যান চলছে ধীরগতিতে।
টুকেরবাজার ও তেমুখী এলাকার কয়েকজন গাড়িচালক ও বাসিন্দা বলেন, জমির মালিক প্রভাব খাটিয়ে এ কাজ করছেন। পাশেই সুরমা নদীর তীরে নৌকা দিয়ে পলিমাটি এনে তা পাইপের সাহায্যে টেনে জমিটি ভরাট করা হচ্ছে। জমি থেকে নদীর দূরত্ব আধা কিলোমিটার। নদীর তীর থেকে সরাসরি ট্রাকে করে না এনে খরচ বাঁচাতে জমির মালিক এভাবে পাইপের সাহায্যে মাটি এনে জমি ভরাট করছেন। ব্যক্তিস্বার্থে তিনি সড়কটি এভাবে কেটে সবাইকে ভোগান্তির মুখে ফেলেছেন।
এ বিষয়ে কথা বলতে গত মঙ্গলবার হেলাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। আগের দিন তাঁর মালিকানাধীন পেট্রলপাম্পে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
তবে ওই দিন তাঁর জমিতে মাটি ভরাটের কাজ তদারক করছিলেন এক ব্যক্তি। নাম না জানিয়ে তিনি জমির মালিকের আত্মীয় পরিচয় দেন। তাঁর দাবি, সড়ক কাটার অনুমতি নিয়ে তাঁরা সুড়ঙ্গ করেছেন। তবে কার কাছ থেকে অনুমতি নিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। সড়কের ক্ষতি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা জমি ভরাটের পর দেখমু সড়কের কোনো ক্ষতি অইল কি না। অইলে সংস্কার করি দিমু। তাইলে তো আর কোনো মাত-কথা থাকত নায়!’
জানতে চাইলে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত হলেও জরুরি কোনো কাজ কিংবা বিকল্প না থাকলে সাময়িকভাবে সড়ক ব্যবহারের জন্য লিখিত আবেদন করলে অনুমতি দেওয়া হয়। কিন্তু সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারের কাছে এভাবে সুড়ঙ্গ করে পাইপলাইন বসানোর কোনো অনুমতি নেওয়া হয়নি। সরেজমিনে দেখে এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।