চলনবিলের নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামে বাঁশের বেড়া দিয়ে সুতিজাল পেতে মাছ শিকার করছেন আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন। আফজাল খুবজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, খুবজীপুর ইউনিয়নের বিলশায় ‘মা-জননী’ সেতুর পূর্ব পাশে চলনবিলের দুই কিলোমিটার এলাকাজুড়ে বাঁশের বেড়া দিয়ে সুতিজাল পেতে দুটি নৌকা দিয়ে মাছ ধরছেন আফজালের লোকজন। গত ২০ অক্টোবর থেকে এখানে মাছ ধরা শুরু হয়েছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা।
এলাকার কয়েকজন লোক অভিযোগ করে জানান, আফজাল বাঁশের বেড়া দিয়ে সুতিজাল পেতে মাছ শিকার করায় উত্তর-পশ্চিম চলনবিলের আত্রাই, সিংড়া ও গুরুদাসপুর উপজেলা এলাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ওই উপজেলাগুলোর প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে রসুন, সরিষা, ভুট্টা, গমসহ রবিশস্য আবাদ বিলম্বিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আফজাল দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবছর সুতিজাল দিয়ে মাছ শিকার করেন। পাশাপাশি সেতুসংলগ্ন ও বিলশা বাজারের পাশের নালাগুলো অবৈধ দখলে নিয়ে মাছ ধরে লাখ লাখ টাকার বাণিজ্য করছেন।
এদিকে বিলের ওই এলাকায় সুতিজাল পেতে মাছ ধরার দায়ে রওশন আলী (৬০) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রওশন আলীর জামাতা মোস্তাফা ইবনে হামিদ ক্ষোভের সঙ্গে বলেন, আওয়ামী লীগ নেতার মাছ ধরা জায়েজ, কিন্তু অন্য মানুষের জন্য নিষেধ। প্রশাসন একতরফাভাবে তাঁর শ্বশুরকে দণ্ড দিয়েছে।
এ ব্যাপারে আফজাল হোসেন জানান, তিনি পেশাদার মাছ ব্যবসায়ী। মাছ ধরে উপার্জনের একটি অংশ তিনি স্থানীয় (বিলশা) মসজিদে দান করেন। এটা দলীয় বিষয় নয়।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, অনেকেই মাছ ধরেন। কিন্তু কেউ মসজিদের উন্নয়নে দান করেন না। তাই আফজালকে কেউ কিছু বলেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবির ১ নভেম্বর প্রথম আলোকে বলেছিলেন, আজ অভিযানের সময় আফজালকে সুতিজাল অপসারণের জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। কথামতো কাজ না করলে অভিযান চালানো হবে। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত আফজাল জাল সরাননি।
ইউএনও ইয়াসমিন আক্তার এ মাসের গোড়ার দিকে জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যে সেখানে অভিযান চালানো হবে।
কিন্তু গতকাল পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়নি।