সুদানে প্রতারিত ২২ বাংলাদেশি দেশে
সুদানে গিয়ে প্রতারিত হয়ে দেশে ফিরেছেন ২২ জন বাংলাদেশি। আজ শনিবার সকালে তাঁরা দেশে ফেরেন।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের ইনচার্জ জাহাঙ্গীর সোহেল বলেন, এয়ার অ্যারাবিয়ার তিনটি পৃথক ফ্লাইটে সুদান থেকে দুবাই হয়ে ওই ২২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
দেশে ফেরত আসা মামুন মিয়া, সালাউদ্দিন, এরশাদ, আমিনুল ইসলামসহ আরও কয়েকজন অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে আল-পূর্বাশা নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দুই থেকে তিন লাখ টাকা করে নিয়ে তাঁদের সুদানের একটি টেক্সটাইল কারখানায় পাঠায়। বাংলাদেশি মুদ্রা অনুযায়ী প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গিয়ে তাঁরা চুক্তিমতো বেতন পাননি। মাসে তাঁদের মাত্র সাত থেকে ১০ হাজার (বাংলাদেশি মুদ্রায়) টাকা দেওয়া হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না। ফলে বাধ্য হয়ে তাঁরা দেশে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁদের স্বজনেরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) অভিযোগ করেন। এরপর আজ তাঁরা দেশে ফিরলেন।
নিজেদের প্রতারিত দাবি করে অভিযোগ ওঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।