সুনামগঞ্জ ও সাতক্ষীরায় আটক ৮২
সুনামগঞ্জ ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে আজ সোমবার সকালে ৮২ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে সুনামগঞ্জ থেকে ৩২ ও সাতক্ষীরা থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, নাশকতার চেষ্টা করায় তাঁদের আটক করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
সুনামগঞ্জ: সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদের ভাষ্য, নাশকতার আশঙ্কায় ৩২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, তাহিরপুর উপজেলায় তিনজন, দোয়ারাবাজার উপজেলায় তিনজন, বিশ্বম্ভরপুর উপজেলায় দুজন, ধরমপাশা উপজেলায় তিনজন, শাল্লায় দুজন, মধ্যনগরে দুজন, জামালগঞ্জে পাঁচজন, জগন্নাথপুরে সাতজনকে আটক করা হয়। এলাকাবাসীর দাবি, তাঁরা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ১৬ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বলে দাবি করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেনের ভাষ্য, নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।