সুনামগঞ্জ পাউবোর আরও ১২ জন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। বিষণ্ন মন নিয়ে তাকিয়ে আছেন এক ব্যক্তি। প্রথম আলো ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। বিষণ্ন মন নিয়ে তাকিয়ে আছেন এক ব্যক্তি। প্রথম আলো ফাইল ছবি

হাওরের হাজার কোটি টাকার ফসলহানির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের আরও ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাউবো কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করে।

পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে সোমবার ওই ১২ জনকে সুনামগঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করে পাউবোর প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বরখাস্ত হওয়া ১২ কর্মকর্তা হলেন উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস ও খলিলুর রহমান, উপসহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) মো. শহিদুল্লাহ, ইব্রাহীম খলিলুল্লাহ খান, খন্দকার আলী রেজা, রফিকুল ইসলাম, শাহ আলম, বরকত উল্লাহ ভূঁইয়া, মাহমুদুল করিম, মো. মোসাদ্দেক, সজীব পাল ও মো. জাহাঙ্গীর হোসেন। তাঁদের আগে একই ঘটনায় আরও তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে রোববার সুনামগঞ্জ সদর মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ একটি মামলা করেন। এতে পাউবোর ১৫ জন এবং বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদারকে আসামি করা হয়েছে। গতকাল সাময়িক বরখাস্ত হওয়া ১২ কর্মকর্তাও এ মামলার আসামি। এতে পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঠিকাদারদের সঙ্গে অবৈধ যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। আর ঠিকাদারদের বিরুদ্ধে ঠিক সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না করে কৃষকদের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।

হাওরে ফসলহানির ঘটনায় গত ২ মে পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. আবদুল হাই, সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববারের মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে। এরপরই প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও বাঁধের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে দুদক।

গত এপ্রিলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একের পর এক এসব হাওরের বোরো ফসল তলিয়ে যায়। হাওরে এভাবে হাজার কোটি টাকার ফসলহানির পর ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর দুদক ১৩ এপ্রিল হাওরের ফসলহানি ও বাঁধ নির্মাণের অনিয়ম অনুসন্ধানে সংস্থাটির পরিচালক বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে হাওর এলাকা পরিদর্শন করে। এরপর গত রোববার থানায় মামলা হয়। মামলার আসামিদের তালিকায় পাউবোর ১৫ জন ছাড়া সুনামগঞ্জের ১৩ জন, ঢাকার ৯ জন, সিলেটের ৬ জন, কুমিল্লার ৩ জন, চট্টগ্রাম, মৌলভীবাজার ও সাতক্ষীরার ২ জন করে এবং টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী, খুলনা, ময়মনসিংহ, হবিগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার ১ জন করে ঠিকাদার রয়েছেন।

জেলা প্রশাসনের হিসাবে সুনামগঞ্জে ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টরের ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার।