সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত বশির আহমদ (৩৫) তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামের শুকুর আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, রোববার রাতে বশির আহমদ তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকেন। পরে সীমান্তের ওপারে বড়ছড়া এলাকায় রাখা ট্রাক থেকে তেল চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করলে তিনি মারা যান। তাঁর মরদেহ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আছে। গতকাল সোমবার বিজিবির পক্ষ থেকে লাশ আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম প্রথম আলোকে বলেন, বশিরের লাশ আনার প্রক্রিয়া চলছে। এ জন্য পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।