সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটক কিশোরেরা হলো উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের বাসিন্দা ছাইতু মিয়ার ছেলে হক মিয়া (১৬) ও শান্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হোসেন (১৫)। গতকাল বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের ছাড়েনি বিএসএফ।
সুনামগঞ্জ বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লাউড়েরগড় সীমান্তের ১২০৩ নম্বর পিলারসংলগ্ন জাদুকাটা নদী হয়ে সীমান্তের ওপারে কয়লা আনতে যায় এলাকার কিছু শ্রমিক। একপর্যায়ে বিএসএফ ধাওয়া করে হক মিয়া ও আলী হোসেনকে আটক করে। অন্য শ্রমিকেরা দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।
বিজিবির লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার আবদুল মজিদ জানান, একদল শ্রমিক রাতে কয়লা কুড়াতে ভারতের অভ্যন্তরে ঢুকেছিল। সেখান থেকে দুজন কয়লাশ্রমিককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।
বিজিবির সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি দুই শ্রমিককে আটকের বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে, ওই দুজনকে আজকের (বুধবার) মধ্যেই ছেড়ে দেবে।’