সুনামগঞ্জে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পরে মুক্তি
অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যকে গতকাল রোববার আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পরে এ দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা থেকে গতকাল দুপুর একটার দিকে অস্ত্রসহ সুদীপ্ত নামের ওই বিএসএফ সদস্যকে আটক করেন বিজিবি সদস্যরা। বাঁশতলা এলাকায় সীমান্তের শূন্য রেখার ১২৩২ নম্বর পিলার পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন তিনি। পরে তাঁকে বিক্ষিপ্ত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা গিয়ে তাঁকে আটক করে বাঁশতলা বিওপিতে নিয়ে যান। বিএসএফ বিষয়টি জানতে পেরে বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে বিকেল চারটার দিকে সেখানে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার।