সদ্যনির্মিত একটি সেতুর কাজের মান নিয়ে ফেসবুকে নেতিবাচক স্ট্যাটাস দেওয়ায় এক ইউপি সদস্যকে ঠিকাদারের লোকজন কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার উপজেলার পাগলাবাজারে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন।
আহত ইউপি সদস্যের নাম রণজিৎ সূত্রধর (৩৫)। তিনি পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় শত্রুমর্দন গ্রামের বাসিন্দা। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আহত ইউপি সদস্যের পারিবারিক সূত্রে জানা গেছে, পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান শত্রুমর্দন গ্রামের বাসিন্দা রেজাউল আলম ওই ওয়ার্ডের বাহ্মণগাঁও গ্রামের পাশে সম্প্রতি একটি সেতু নির্মাণের কাজ করেন। রণজিৎ সূত্রধর গত সোমবার ফেসবুকে সেতুর কাজ নিম্নমানের হয়েছে উল্লেখ করে ছবিসহ একটি স্ট্যাটাস দেন।
রণজিৎ সূত্রধরের ছোট ভাই নান্টু সূত্রধর বলেন, ওই স্ট্যাটাস দেওয়ার পর সাবেক চেয়ারম্যান রেজাউল হকের লোকজন ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কান্দিগাঁও এলাকায় রণজিৎ সূত্রধরের ওপর হামলা চালান। এ সময় তাঁরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলার সময় রেজাউল আলমের ভাগনে উপজেলা ছাত্রলীগের নেতা মনসুর আলমসহ ১৫ থেকে ২০ জন ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক রাকেশ রায়, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজল দে, আইনজীবী রাধাকান্ত সূত্রধর, জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপির চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপির চেয়ারম্যান আমিনুর রশিদ প্রমুখ।
হামলার ব্যাপারে রেজাউল আলম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তিনি রণজিৎকে সেটি সরিয়ে ফেলার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু তিনি সেটি সরাননি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর কয়েকজন আত্মীয় রণজিৎকে মারধর করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, থানায় ইউপি সদস্যের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেননি। তবে তাঁরা এ ঘটনায় একজনকে আটক করেছেন।