সুনামগঞ্জে কিশোরের ও হোমনায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর গ্রামীণ ব্যাংকের এক কেন্দ্র ব্যবস্থাপকের লাশ হোমনা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার লাশ দুটি উদ্ধার করা হয়।
যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরান জাহানপুর গ্রামের শাহীন মিয়া (১৪) ও কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের আবু তাহেরের ছেলে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক সামিউল বাছির (২৭)।
দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ বলেছে, পুরান জাহানপুর গ্রামের অজুদ মিয়ার ছেলে শাহীনকে গতকাল সকালে তার কক্ষে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পেছনের একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, শাহীন মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সামিউল গ্রামীণ ব্যাংকের মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ শাখার কেন্দ্র ব্যবস্থাপক ছিলেন। গত রোববার বেলা একটার পর রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন গ্রামীণ ব্যাংকের রামচন্দ্রপুর দক্ষিণ শাখার ব্যবস্থাপক আবদুল মমিন মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল বুধবার বেলা একটার দিকে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগ সিতারামপুরসংলগ্ন তিতাস নদে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে হোমনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে সামিউল বাছিরের স্বজনেরা থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল বলেন, ময়নাতদন্ত করতে লাশ গতকাল সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সামিউলের মাথা, কপাল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত সামিউলের বড় ভাই মো. তুষার বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা করেছেন।