সুনামগঞ্জে চালকের লাশ উদ্ধার হোমনায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ইকবাল হোসেন (২৬) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত শুক্রবার কুমিল্লার হোমনায় মো. জজ মিয়া (৩৫) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
দক্ষিণ সুনামগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল থেকে সিলেটের বালাগঞ্জ উপজেলার রুপিয়া গ্রামের ইকবাল নিখোঁজ ছিলেন। গতকাল সকালে দক্ষিণ সুনামগঞ্জের মহাসিং নদীর ডাবর সেতুর নিচে ইকবালের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে জজ মিয়ার পরিবার ও হোমনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বন্ধু মোবারককে নিয়ে জজ মিয়া আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে জজ মিয়ার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় জজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার হোমনা গ্রামের বাসিন্দা ছিলেন।