সুনামগঞ্জে ছুরিকাঘাতে পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে এক জেএসসি পরীক্ষার্থীকে অপর এক পরীক্ষার্থী ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে হামলার শিকার হওয়া ওই পরীক্ষার্থীর বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে।
হামলার শিকার হওয়া ওই পরীক্ষার্থীর নাম মাহমুদুর রহমান ওরফে শাওন (১৪)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শাওনের এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে। তার নাম খায়রুল আলম। শাওন সুনামগঞ্জ শহরের এইচএপি উচ্চবিদ্যালয়ের ছাত্র ও সুনামগঞ্জ শহরের ষোলোগড় গ্রামের খোকন মিয়ার ছেলে। এ ঘটনায় খোকন মিয়া মামলা করেছেন।
শাওনের চাচা সাজ্জাদুর রহমান অভিযোগ করেন, সোমবার শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শাওনের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে শাওন ও তার কয়েক বন্ধুর সঙ্গে মাইজবাড়ি গ্রামের আরও কয়েকজন পরীক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শহরের উকিলপাড়া এলাকায় আবার তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় খায়রুল শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শাওনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।