সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম রসুলগঞ্জ গ্রামে গরু চুরির ঘটনা নিয়ে গতকাল রোববার বেলা তিনটার দিকে বাজারে সালিস বৈঠক ছিল। বৈঠকে গ্রামের আতাউর রহমান ও মাসুক মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আনোয়ার মিয়া (৩৫) ও তাজুল ইসলাম (৩৭) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আর সিরাজ মিয়া (৩৯), হীরা মিয়া (৩৫), শহিদুল ইসলাম (৩৮) ও আক্কল আলীকে (৪৯) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য হীরা মিয়া বলেন, ‘সালিস বৈঠকে দুজনের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি।’
এ বিষয়ে আতাউর রহমান ও মাসুক মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। থানায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি।