সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদের জলাভূমি নিলাম দেওয়া নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আসামপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী সূত্র জানায়, আসামপুর গ্রামের মসজিদের মালিকানাধীন কিছু জলাভূমি নিলাম দেওয়া নিয়ে গত বুধবার দুপুরে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর মধ্যে একটি বৈঠক হয়। এ সময় গ্রামের আলা মিয়া ও আছকির আলীর মধ্যে কথা- কাটাকাটির জের ধরে বৈঠক স্থগিত করে গতকাল বৃহস্পতিবার পুনরায় বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু বৈঠকে বসার আগেই আলা মিয়া ও আছকির আলীর পক্ষের মধ্যে কথা- কাটাকাটির জের ধরে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আছকির আলীর পক্ষের লোক আকবর আলী (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হওয়াসহ আহত হন আরও ৪০ জন। এঁদের মধ্যে ১৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।