সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে তফাজ্জুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের পার্শ্ববর্তী হাওরে মঙ্গলবার দুপুরে গ্রামের তফাজ্জুল হোসেনসহ কয়েকজন মাছ ধরতে যান।
এ সময় পার্শ্ববর্তী আসামপুর গ্রামের সমুজ মিয়াসহ কয়েকজন এসে তাঁদের মাছ ধরতে বাধা দেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। আহত অবস্থায় তফাজ্জুল হোসেনসহ চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তফাজ্জুল হক মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, মাছ ধরা নিয়েই দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। থানায় এখনো মামলা হয়নি।