সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষে কমপক্ষে আরও ১৫ জন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের নুরুল আমিনের ছেলে জুনায়েদ ও সুনু মিয়ার ছেলে সুমনের মধ্যে গতকাল শনিবার বিকেলে খেলার মাঠে ঝগড়া হয়। এর জের ধরে আজ রোববার সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান আবদুল মালিক (৫৫) নামে নুরুল আমিনের পক্ষের একজন। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মতলিব জানান, ছোটদের ঝগড়াকে কেন্দ্র করেই বড়দের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।