সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নগর গ্রামের জলিল মিয়া ও আবদুল ওয়াহিদের মধ্যে গ্রামের পাশের একটি জলমহাল নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে আবদুল ওয়াহিদের লোকজন ওই জলমহালের দখল নিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের সুলফির আঘাতে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নজরুল ইসলাম জয়নগর গ্রামের আবদুস সালামের ছেলে এবং জলিল মিয়ার পক্ষের লোক।
সংঘর্ষে আহত কাজল মিয়া (৪০), আশরাফ মিয়া (৪১), জসিম মিয়া (৩৫), মোশারফ হোসেন (২৮), আবদুস সালাম (৪৫), আবদুল জলিল (৫০), মহিবুর রহমান (৩০), ছুরত মিয়া (৪০), আবদুস ছালিক (৭০) ও সাইফুল ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। বুধবার সংঘর্ষ হয়েছে জলমহালের দখল নিয়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন।