সুনামগঞ্জে দুই পরিবারের মারামারিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পরিবারের মারামারিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নৈইনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নৈইনগাঁও গ্রামের ইন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪৫) ও আবদুল জলিলের ছেলে আবদুল আমিন (২৫)। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম ও আবদুল আমিনের ঘর পাশাপাশি। নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে পূর্ববিরোধ ছিল। আবুল কালামের বাড়ির ওপর দিয়ে আবদুল আমিন তাঁর ঘরে বিদ্যুতের লাইন নিয়েছেন। শনিবার সন্ধ্যায় আবদুল আমিনের বিদ্যুতের লাইনটি কে বা কারা কেটে ফেলে। পরে রাত নয়টার দিকে আবদুল আমিন বিষয়টি জানতে আবুল কালামের বাড়িতে যান। এ সময় দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। আহত অবস্থায় আবদুল আমিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ শনিবার রাতেই শামসু মিয়া (৬৫), আবদুস সালাম (৭০), আবদুস সামাদ (৫০), আবদুল আউয়াল (৩৫) ও আলী হোসেনকে (৩৫) আটক করেছে।
নিহত দুজনের লাশের ময়নাতদন্ত গতকাল রোববার সুনামগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন।
আবুল কালামের ফুফাতো ভাই লায়েক মিয়া বলেন, পরিকল্পিতভাবে হামলা করে আবুল কালামকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের ১৪টি আঘাতের চিহ্ন রয়েছে।
আবদুল আমিনের মামা মো. ফজর আলী বলেন, বিদ্যুতের তার কাটার বিষয়ে জানতে গেলে আবুল কালামের লোকজন আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে। আমিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত ১১টায় তিনি মারা যান।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে দুজন মারা গেছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বেলা আড়াইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।