সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৫০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নোয়ানগর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ধরমপাশা উপজেলার মধুপুর গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়ানগর গ্রামের আলী আসগর ও আলী মরতুজার পরিবারের শিশুরা গতকাল সকালে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরে এ নিয়ে দুই পক্ষের অভিভাবকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত মিরাজ উদ্দিন, সাজ উদ্দিন, আলী নেওয়াজ, আলিম উদ্দিন, জয়নাল আবেদীন, ফখর উদ্দিন, এনায়েত মিয়া, আলী আমজাদ, আলী মরতুজা, সামাল মিয়া, শিরিনা বেগমসহ ২৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক নবাব মিয়া ও কালা মিয়ার বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে দুই বাড়ির মধ্যবর্তী উঠানে তাঁদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আক্কাছ, লিটন ও সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।