সুনামগঞ্জে বাঁধ মেরামতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার নখরিয়াছড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের ২২ লাখ টাকার বাঁধ মেরামতের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ে এ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এলজিইডির সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে সীমান্তের ওপারে ভারত থেকে নেমে আসা নখরিয়াছড়ার পানি ব্যবহার করে বৃন্দাবননগরসহ তিনটি গ্রামের কৃষকেরা কানলার হাওরে চাষাবাদ করেন। নির্ধারিত সময়ে পানি সংরক্ষণের জন্য ২০১৩ সালে বৃন্দাবননগরের ওই ছড়াতে একটি জলকপাট (স্লুইস গেট) নির্মাণ করা হয়। কিন্তু ছড়ার দুই পাড়ের বাঁধ নিচু হওয়ায় অনেক সময় পানি উপচে পড়ে যায়। এ জন্য চলতি বছরের শুরু দিকে ১১ লাখ টাকা ব্যয়ে বাঁধ মেরামত ও দুটি ছোট কালভার্ট নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে আবার বাঁধ সংস্কারের জন্য ২২ লাখ টাকার আরেকটি প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে ছড়ার পূর্ব ও পশ্চিম পাড়ে দেড় কিলোমিটার বাঁধের কাজ হওয়ার কথা ছিল।

তিন মাস আগে প্রকল্পের কাজ শুরু করে নখরিয়াছড়া পানি ব্যবস্থাপনা কমিটি। এ কমিটির সভাপতি রঙ্গারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ আলী। ২১ জুন কাজে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ থেকে বৃন্দাবননগর গ্রামের বাসিন্দা জাকির হোসেন এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত দেন। অভিযোগে বলা হয়, প্রকল্পের সভাপতি সুরুজ আলী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে কাজে অনিয়ম করছেন। মাত্র দুই থেকে তিন লাখ টাকার কাজ করে তিনি পুরো বিল তুলে নেওয়ার পাঁয়তারা করছেন।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নখরিয়াছড়ার দুই পাড়ের বিভিন্ন স্থানে বাঁধের ওপর বালু ও মাটি ফেলা হয়েছে। কোনো কোনো স্থানে বৃষ্টির পানিতে সেই মাটি সরে গেছে। এ ছাড়া বৃন্দাবননগর মসজিদের পাশের কিছু জায়গায় কোনো মাটি ফেলা হয়নি। বৃন্দাবননগর গ্রামের শেষ প্রান্তে জলকপাটের পূর্ব পাশেও বৃষ্টির পানিতে মাটি ধসে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য সাব্বির আহমদ বলেন, কাজ তো ভালোই হয়েছে। বালু ও মাটি ফেলায় বৃষ্টিতে কিছু মাটি সরে গেছে। আবার এখানে কাজ করতে হবে। তা না হলে বাঁধ টিকবে না।

কমিটির আরেক সদস্য বৃন্দাবননগরের বাসিন্দা মো. সুনু মিয়া বলেন, ‘কত টাকার কাজ, কীভাবে হচ্ছে, আমরা তার কিছুই জানি না। অফিসের কর্মকর্তাদের নিয়ে সভাপতি একাই সব করছেন। আসলে কাজের কাজ কিছুই হয়নি।’

অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সুরুজ আলী বলেন, তিনি কাজ ঠিকভাবেই করেছেন। এ পর্যন্ত ১৫ লাখ টাকা বিল পেয়েছেন। তবে অভিযোগ করায় বাকি বিল আটকে আছে। তিনি আরও বলেন, বাঁধের ওপর দিয়ে গরুর গাড়ি, ঠেলাগাড়ি যাওয়ায় কোনো কোনো স্থানের মাটি ধসে গেছে। এ ছাড়া মাটি না পাওয়ায় একটি অংশে মাটি ফেলা যায়নি।

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। আমরা কাজের ৭০ ভাগ বিল দিয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’