সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলায় আজ বুধবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৃথক এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, সোমবার রাতে জেলার আটটি উপজেলাসহ ১২টি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে প্রথম সদস্য করা হয়। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিনের সমর্থকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাঁরা কমিটি বাতিলের দাবিতে আজ পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন। পরে মিছিল বের করলে ফারুক আহমদের পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের এক সদস্যসহ ২০ জন আহত হয়।

এ ঘটনার জন্য আনসার উদ্দিন ও ফারুক আহমেদ একে অপরকে দায়ী করেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে তাহিরপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।