সুনামগঞ্জে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও সড়ক অবরোধ
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সুনামগঞ্জে পিডিবির প্রায় ৩০ হাজার গ্রাহক এক সপ্তাহ ধরে ভোগান্তি পোহাচ্ছেন। এ সমস্যার সমাধানের দাবিতে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন এলাকাবাসী।
একই দাবিতে বুধবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
গতকাল বেলা ১১টায় পৌর ভবন চত্বরে জমায়েত শেষে পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিদ্যুৎ কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। সেখানে বক্তব্য দেন পৌর মেয়র। পরে কয়েকজনকে নিয়ে বিদ্যুৎ কার্যালয়ে যান তিনি। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী তখন কার্যালয়ে ছিলেন না। এ সময় তিনি সহকারী প্রকৌশলী শাহজালাল মিয়ার সঙ্গে কথা বলেন। মেয়র ওই কর্মকর্তাকে বলেন, ‘সুনামগঞ্জে বিদ্যুৎ ভোগান্তি চরমে পৌঁছেছে। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। মানুষ ক্ষুব্ধ, অতিষ্ঠ। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিদ্যুৎ গ্রাহকেরা জানান, সুনামগঞ্জে এখন ২৪ ঘণ্টার মধ্যে সাত-আট ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এক সপ্তাহ ধরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মধ্যে টানা দুই দিন বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ বিভাগের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, সুনামগঞ্জ-ছাতক লাইনে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিপত্তি ঘটছে। এই ৭০ কিলোমিটার লাইন নতুনভাবে নির্মাণের জন্য একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। এ ছাড়া সুনামগঞ্জে বিদ্যুতের একটি সাব-স্টেশন নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। নতুন লাইন ও সাব-স্টেশন নির্মাণের কাজ শেষ হলেই পরিস্থিতির উন্নতি হবে।