সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ পৌর শহরে বিশ্বজিৎ চৌহান (২৯) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের কাজীর পয়েন্ট এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নাইম হোসেন (১৫) নামের এক কিশোরের এবং লক্ষ্মীপুরের রায়পুরের একটি সুপারিবাগান থেকে এক অজ্ঞানামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: সুনামগঞ্জে খুন হওয়া বিশ্বজিৎ চৌহান সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার বিশ্বরাম চৌহানের (খোকা চৌহান) ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ‘সুনামগঞ্জ সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। সমাবেশ থেকে পুলিশকে বিশ্বজিতের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ চৌহান ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) চালাতেন। তাঁর পরিবারের সঙ্গে শহরের হাসননগরের ময়নার পয়েন্ট এলাকার কালা মিয়াসহ আরও কয়েকজনের বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে এর আগে একাধিকবার মারামারি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের কাজীর পয়েন্ট এলাকায় বিশ্বজিৎ চৌহানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে সড়কের ওপর ফেলে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা মোটরসাইকেলে করে চলে যায়। আহত বিশ্বজিৎকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্বজিৎ চৌহানের চাচাতো ভাই বাবুল চৌহান অভিযোগ করেন, ময়নার পয়েন্ট এলাকার কালা মিয়াসহ আরও কয়েকজনের সঙ্গে বিশ্বজিতের পরিবারের বিরোধ ছিল। এর জের ধরেই কালা মিয়াসহ অন্যরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গতকাল শনিবার জানান, পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে। সিলেট থেকে বিশ্বজিতের লাশ ময়নাতদন্ত শেষে সুনামগঞ্জে নিয়ে আসা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুড়ী (মৌলভীবাজার): উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রাম থেকে গতকাল শনিবার নাইম হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জুড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মা-বাবার দ্বন্দ্বের কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
রায়পুর (লক্ষ্মীপুর): গতকাল উপজেলার রচিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পেছনের একটি সুপারির বাগান থেকে এক অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।