সুনামগঞ্জে শিক্ষকের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের একটি বিদ্যালয়ের এক শিক্ষক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত শনিবার পৌর শহরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

হামলার শিকার হওয়া শিক্ষকের নাম শাহজাহান আলী (৫০)। তিনি সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মরত। শাহজাহান আলী বলেন, গত শনিবার বিকেলে তাঁর মুঠোফোনটি হারিয়ে যায়। রাতে সেটিতে ফোন দিলে এক ব্যক্তি তা ধরেন। এ সময় ওই ব্যক্তির কাছে ফোনটি ফেরত চাইলে তিনি সেটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। রাত ১০টার দিকে ওই ব্যক্তি তাঁকে ফোন দিয়ে নতুনপাড়ার একটি বাসায় যেতে বলেন। তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে ওই বাসায় যাওয়ার পর সেখানে থাকা কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা অন্যরা আহত হন। এ ঘটনায় তিনি গত শনিবার রাতে নতুনপাড়া এলাকার হিরু মিয়া, তফাজ্জল হোসেন ও জামিল আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছেন।