সুনামগঞ্জে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি জলমহালে জোরপূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল শনিবার ইজারাদারদের লোকদের সঙ্গে দুই উপজেলার মানুষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শেরপুর জেলা সদরের সাপমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাইফুল মালেক ওরফে সুজন (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের গাটিয়া জলমহাল থেকে ২১ ফেব্রুয়ারি পাশের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েকটি গ্রামের সহস্রাধিক লোক জোরপূর্বক মাছ ধরে নিয়ে যান। গতকাল সকালে তাঁরা আবার মাছ ধরতে শুরু করলে ইজারাদারদের লোকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে শাল্লা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি শটগানের গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মনসুর আলী (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন পুলিশসহ আর ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হেলাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে গুলি লেগেছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
শেরপুর থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে শহিদুল ইসলাম ওরফে মণ্ডলের সঙ্গে তাঁর ছোট ভাই সুজনের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মণ্ডল তাঁর ছোট ভাই সুজনকে ইট দিয়ে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেন এবং দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে সুজন গুরুতর আহত হন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।