ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবদুছ ছালাম ব্যাপারী ও মো. লাল মিয়া।
এ ছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর উত্তরপাড়া এলাকায় গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে নূর মিয়া নামের এক ব্যক্তি নিহত হন।
থানা-পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ জানুয়ারি কালিকাপুর গ্রামের কৃষক ইউনুছ মিয়ার ছেলে আল আমিনের বিয়ে হয়। এ উপলক্ষে ২১ জানুয়ারি ইউনুছ মিয়ার বাড়িতে উচ্চ স্বরে (লাউড স্পিকার) গান বাজানো হচ্ছিল। সে সময় আবদুছ ছালাম ব্যাপারীর লোকজন বাধা দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিয়ের দিন বিকেলে আবদুছ ছালাম (৭০) ও ছিদ্দিকুর রহমানের (ইউনুছ মিয়া ছিদ্দিকুর রহমানের পক্ষের) লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছিদ্দিকুর রহমানের ছেলে ছাইদুর রহমানসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত শনিবার ছিদ্দিকুর রহমান মামলা করেন। এর জের ধরে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে ছিদ্দিকুর রহমানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে আবদুছ ছালামের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আবদুছ ছালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন সকাল সাড়ে ১০টার দিকে ছিদ্দিকুর রহমানের পক্ষের লাল মিয়ার (৫৫) বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে লাল মিয়াকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আছিয়া খাতুন (৮০) নামের এক নারী আহত হন। পরে পুলিশ লাশ দুটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ সুরুজ মিয়া, মো. সজীব মিয়া, মো. শাহ আলম ও রহমত আলীকে গ্রেপ্তার করে।
আবদুছ ছালামের স্ত্রী জোহরা খাতুন বলেন, ‘আমার স্বামীকে লাল মিয়ার লোকজন কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে।’
অবশ্য অভিযোগ অস্বীকার করে লাল মিয়ার মেয়ে শাহীনুর আক্তার পাল্টা অভিযোগ করেন, আবদুছ ছালামের লোকজন তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছে এবং বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
লাল মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী হিরণ বেগম অভিযোগ করেন, ‘পুলিশের উপস্থিতিতেই আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, অতর্কিত পৃথক হামলার ঘটনায় দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ ঠিক নয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর উত্তরপাড়া গ্রামের নূর মিয়া (৫৫) ও গজম্বর আলী পাশাপাশি ঘরের বাসিন্দা। একটি মিটার দিয়েই দুই ঘরে বিদ্যুৎ ব্যবহার করেন তাঁরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে বিদ্যুতের বিল নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নূর মিয়ার স্ত্রী চকতেরা বেগম (৪৫) ও ছেলে সালেহ আহমদকে পিটিয়ে আহত করা হয়। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।