সুনামগঞ্জে হামলায় প্রধান শিক্ষক আহত
সুনামগঞ্জের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার ও শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামলার শিকার হয়েছেন। সদর উপজেলার ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
হামলায় আহত হওয়া প্রধান শিক্ষকের নাম বেলাল আহমদ (৪৫)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুল আহমদ প্রধান শিক্ষক হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বেলাল প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তাঁকে নানাভাবে অসহযোগিতা করছেন গুল আহমদ। এ নিয়ে ওই দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ আলী নামের এক ছাত্রকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সাময়িক বরখাস্ত করে। এরপর থেকে ওই ছাত্র ও তার অভিভাবকেরা গুল আহমদের পক্ষে অবস্থান নেন। নুরুজ এসএসসি পরীক্ষা দিতে চাইলে কমিটি সভা করে তাকে সেই সুযোগ দেয়। নুরুজ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণও হয়। গতকাল বেলা ১১টার দিকে নুরুজ তার সঙ্গে আরও তিন ছাত্রকে নিয়ে প্রধান শিক্ষক বেলালের কক্ষে যায় ও তাঁকে (বেলাল) তার এসএসসি পরীক্ষা পাসের নম্বরপত্র ও প্রশংসাপত্র দিতে বলে। এ সময় বেলাল বোর্ড থেকে এখনো নম্বরপত্র আসেনি জানালে ওই ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা বেলালের মাথায় রড দিয়ে আঘাত করে। এ সময় পাশের কক্ষ থেকে গুল আহমদ এসেও বেলালকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, বেলাল পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। তাঁর মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে। তাঁর হাতে-পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে চিকিৎসকেরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। শিক্ষকদের পক্ষ থেকে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় আজ সোমবার শহরে মানববন্ধন করবেন শিক্ষকেরা।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ হামলার ঘটনায় জড়িত ছাত্র ও সহকারী প্রধান শিক্ষককে আটকের চেষ্টা করছে।
এ ব্যাপারে কথা বলতে সহকারী প্রধান শিক্ষক গুল আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।