সুনামগঞ্জে ১২ দিন ধরে একঘরে ১০ পরিবার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে পঞ্চায়েতের সিদ্ধান্তে ১০টি পরিবারকে ১২ দিন ধরে ‘একঘরে’ করে রাখা হয়েছে। এসব পরিবারের সদস্যদের সঙ্গে অন্য কারও কথা বলা বা সামাজিক অনুষ্ঠানে যাওয়া নিষেধ। এমনকি একঘরে থাকা পরিবারের কোনো কোনো সদস্যকে মসজিদে নামাজ পড়তেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একটি মাদ্রাসা ও এতিমখানার তহবিল সংগ্রহ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার উদ্যোগ নিয়েও বিষয়টির মীমাংসা করতে পারেননি।
ওই মাদ্রাসা, পঞ্চায়েত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ওই গ্রামের ৬০ শতক জমির ওপর ‘ছৈলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ প্রতিষ্ঠা করেন গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী মওলানা আবদুল ওয়াদুদ। এখানে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী ও এতিম রয়েছে। আবদুল ওয়াদুদের চেষ্টাতেই শিক্ষকদের বেতন এবং এতিমদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য একটি পরিচালনা কমিটি রয়েছে। তিনি প্রবাসে থাকায় তাঁর ভাই আবদুল বারী এটির দেখাশোনা করেন।
এদিকে আবদুল ওয়াদুদ প্রতিষ্ঠানের পরিচালনার খরচ মেটানোর জন্য লন্ডনে প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। কিন্তু এভাবে অর্থ সংগ্রহকে মেনে নিতে পারছেন না গ্রামের কিছু লোক। তাঁরা বলছেন, বিদেশে এ জন্য গ্রামের দুর্নাম হচ্ছে। এরপর গ্রামবাসী বসে বিষয়টি আবদুল বারীকে জানান এবং মাদ্রাসার নামে তাঁর ভাই যাতে আর অর্থ সংগ্রহ না করেন, সেটি জানিয়ে দেন।
আবদুল বারীর অভিযোগ, তাঁর ভাই অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এখন গ্রামের কিছু লোক চান মাদ্রাসাটি বন্ধ হয়ে যাক। তাই তাঁরা মিথ্যা অভিযোগ তুলেছেন। ২৩ আগস্ট প্রথমে তাঁরা তাঁকে ও তাঁর পরিবারকে একঘরে করেন। পরে এই সিদ্ধান্তের বিরোধিতা করায় তাঁর ভাই তরিক উল্লাহ ও রহিম উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, ছইনুর উল্লাহ, রজব আলী, তফই মিয়া ও তাঁর দুই ছেলে এবং জিহাদুল ইসলামের পরিবারকে গত শুক্রবার থেকে একঘরে করে রাখা হয়েছে। এ ছাড়া গত শুক্রবার তাঁর ভাই ও দুই ভাতিজা জুমার নামাজ পড়তে মসজিদের গেলে কিছু লোক বাধা দেন।
তবে পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একঘরে’ বলা হলেও বিষয়টি সে রকম নয়। সামাজিকভাবে বর্জনের সিদ্ধান্ত হয়েছে।
পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, আবদুল বারী তাঁদের একঘরে করে রাখার আগেই বিষয়টি জানানোর পর তাঁরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গয়াছ মিয়াসহ ৩০ থেকে ৪০ জন মানুষ গিয়ে মীমাংসার জন্য পঞ্চায়েতের লোকদের বলেছিলেন। কিন্তু বারবার অনুরোধ করার পরেও তাঁরা বসতে রাজি হননি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘এখানে ভেতরে ভেতরে ব্যক্তিগত বিরোধ আছে। এর জের ধরেই এখন ওয়াদুদ সাহেবের ওপর সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। ’
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছায়েম উল্লাহ বলেন, বিষয়টি মাদ্রাসা নিয়ে নয়; লন্ডনে ওই মাদ্রাসা ও গ্রামের নাম করে অর্থ সংগ্রহ করা নিয়ে। এতে গ্রামের বদনাম হচ্ছে। আবদুল বারীকে ডাকার পরও তিনি পঞ্চায়েতের সভায় আসেননি। তাই তাঁকে এবং তাঁর পরিবারকে সামাজিকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর সিদ্ধান্ত সবার বলে দাবি করেন তিনি।
ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া বলেন, ‘আমি বিষয়টি শুনে মীমাংসার জন্য পঞ্চায়েতের লোকদের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু কোনো সাড়া পাইনি। তার পরও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে আবার চেষ্টা করব।’