সুনামগঞ্জে ১২০০ বোতল মদ জব্দ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি ও র্যাব সদস্যরা গত দুই দিনে সুনামগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ২১৩ বোতল মদ জব্দ করেছেন। মদের বোতল রাখার অভিযোগে গত শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বিশ্বম্ভরপুর উপজেলার চেঙ্গিবিল গ্রামের মানিক মিয়া, আলাল ও নজরুল। তাঁদের গত শনিবার রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা গেছে, সদর উপজেলার বনগাঁও এলাকার বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল ভোররাতে অভিযান চালিয়ে ৮৩১ বোতল ভারতে তৈরি মদ (অফিসার্স চয়েস) জব্দ করেন। একই সময় সদর উপজেলার ডলুরা এলাকা থেকে আরও ৮৩ বোতল মদ জব্দ করা হয়।
এ ছাড়া র্যাব-৯-এর সুনামগঞ্জ কোম্পানির সদস্যরা শনিবার গভীর রাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খয়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল মদসহ মানিক মিয়া, আলাল ও নজরুলকে আটক করেন।
র্যাব-৯-এর সুনামগঞ্জ কোম্পানি (সিপিসি-৩) কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুনের ভাষ্যমতে, র্যাবের হাতে মদসহ আটক তিনজনই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।
সুনামগঞ্জ ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, বিজিবি সদস্যরা যে মদ জব্দ করেছেন, তার দাম প্রায় ১৩ লাখ টাকা।
সদর থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।