সুনামগঞ্জের তিন মাদ্রাসাছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় গত বুধবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে সুনামগঞ্জের তিন মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমোল্লা গ্রামের হেলাল একই এলাকার ফরিদি চরআলী মাদ্রাসার অষ্টম শ্রেণির তিন ছাত্রকে বিমানযোগে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে আসেন। পরে তাদের নুর হাসান নামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। হাসান তাদের বুধবার রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলায় নিয়ে আসেন।
পুলিশ সূত্র জানায়, একপর্যায়ে ওই তিন ছাত্র দালাল নুর হাসানের কৌশল সম্পর্কে টের পায়। হ্নীলা স্টেশন থেকে ওই তিনজনকে অটোরিকশায় তোলার সময় তারা চিৎকার করে। এ সময় জনতা তাদের উদ্ধার করে। পরে দালাল নুর হাসানকেও ধরে ফেলে জনতা। খবর দিলে পুলিশ দালালসহ তিন ছাত্রকে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো সুনামগঞ্জের ছাতকের চরমোল্লা গ্রামের আশরাফ আলীর ছেলে মো. জাকারিয়া (১৪), মনজুর আলীর ছেলে নিজাম উদ্দিন (১৭) ও ইলিয়াছ আলীর ছেলে হেলাল আহমদ (১৭)।
পুলিশ জানায়, নুর হাসানের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রাতে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে মো. আবদুল্লাহ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে।
উদ্ধার হওয়া ছাত্ররা জানায়, বিমানযোগে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে এবং ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গত সোমবার রাতে তাদের বাসে করে কক্সবাজারে নিয়ে আসা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উদ্ধার হওয়া তিন ছাত্র পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আটক দুই দালালসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।