সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুরে উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
এর আগে দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির এক পক্ষ সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী জেলার আটটি উপজেলাসহ ১২টি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেনকে প্রথম সদস্য করা হয়।
কমিটি ঘোষণার পরই উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিনের সমর্থক নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কমিটি বাতিলের দাবিতে তাঁরা গতকাল বিকেল চারটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে ফারুক আহমদের সমর্থক নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। আনসার উদ্দিন অভিযোগ করেন, ‘আমরা সড়ক অবরোধ শেষে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এ সময় ফারুক আহমদের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়।’
ফারুক আহমদ অবশ্য বলেন, ‘জুতা-ঝাড়ু নিয়ে কিছু লোক বিএনপির বিরুদ্ধে মিছিল করছিল। এতে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ১২টি রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
প্রায় একই সময়ে তাহিরপুর উপজেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এ উপজেলায় নুরুল ইসলামকে আহ্বায়ক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানকে প্রথম সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দলের সাবেক উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের পক্ষে নেতা-কর্মীরা ওই কমিটি মেনে নেননি। গতকাল বিকেলে তাঁরা উপজেলা সদরের পূর্ববাজারে একটি সমাবেশ শেষে মিছিল বের করেন। এ সময় নতুন কমিটির নেতা-কর্মীরাও আরেকটি মিছিল বের করলে বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৬টি ফাঁকা গুলি ছোড়ে। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।