সুনামগঞ্জের ১৩ যুবকের খোঁজ মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় দালালদের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যেতে বাড়ি ছেড়েছিলেন সুনামগঞ্জের তিনটি উপজেলার অন্তত ১৩ যুবক। তাঁদের কোনো খোঁজ মিলছে না। গত জানুয়ারি থেকে পৃথক দলে বাড়ি ছাড়েন এই যুবকেরা।
এদিকে উপজেলা তিনটির ১৩ দালালের একটি তালিকা করেছে পুলিশ। এসব দালালকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চলাকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের এক ‘দালালকে’ আটক করা হয়েছে।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ যুবকদের মধ্যে জামালগঞ্জ উপজেলার হরিনগর ও রাধানগর গ্রামের চারজন, সদর উপজেলার দামপাড়া, ইসবপুর, শাপেলা গ্রামের পাঁচজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কামরুপদলং গ্রামের চারজন আছেন।
এ বিষয়ে গত শনিবার রাতে মুঠোফোনে জানতে চাইলে, সদর উপজেলার শাপেলা গ্রামের আবদুস সালাম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নুরুজ্জামান প্রায় দুই মাস আগে মালয়েশিয়া যাবে বলে জানান। পরে স্থানীয় দালালদের সহযোগিতায় আশপাশের গ্রামের আরও চারজনকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেন। এর সাত দিন পর নুরুজ্জামান ফোন করে জানান, তাঁরা জাহাজে উঠেছেন। মালয়েশিয়া পৌঁছে ফোন দেবেন। কিন্তু আর কোনো ফোন আসেনি।
জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আবদুস সুবাহান বলেন, মাস তিনেক আগে তাঁর ছেলে শফিকুল মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন। এ সময় শফিকুলের চাচাতো ভাই ফয়জুন নূরসহ হরিনগর গ্রামের আরও দুই যুবক ছিলেন। পরে আর তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কামরুপদলং গ্রামের সাজু মিয়া বলেন, স্থানীয় দালালদের সঙ্গে গত জানুয়ারিতে তাঁর ছেলে জমির হোসেনসহ চার যুবক মালয়েশিয়ার যাওয়ার কথা বলে বাড়ি ত্যাগ করেন। তাঁরা আর ফিরে আসেননি, যোগাযোগও করেননি। এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে স্থানীয় দালালদের মুঠোফোনও বন্ধ পাচ্ছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের গোয়েন্দা শাখা, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে দালালদের ওই তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা হলেন সদর—উপজেলার পুরান লক্ষ্মণশ্রী গ্রামের লালমন বিবি ও শাহ আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের আবদুল গণি ভান্ডারী, নূরপুর গ্রামের ইয়াহিয়া, নুরুল ইসলাম, হেলাউর রহমান ও হাবিব মিয়া, কেশবপুর গ্রামের ইমাম আলী, কামরুপদলং গ্রামের আপতেরা বেগম, জাহানপুর গ্রামের ফয়জুর রহমান, আহমদাবাদ গ্রামের আবদুল কুদ্দুছ ও মির্জাপুর গ্রামের আবুল কাশেম এবং জামালগঞ্জ উপজেলার সেলমস্তপুর গ্রামের শামছুল ইসলাম।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘শুক্রবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আবুল কাশেম (৫০) নামের এক দালালকে আটক করা হয়েছে।