সুনামগঞ্জের ৫০ জন চার দেশের কারাগারে বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মন্তাজনগর গ্রামের বৃদ্ধ আবদুন নূর ও নেহারুন নেছার চার ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে আবদুস সালামের দিনমজুরির আয়েই চলে সংসার। দুই মাস আগে একদিন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফেরেনি। ৪ জুন পুলিশ বাড়িতে ফোন করে জানিয়েছে, আবদুস সালাম থাইল্যান্ডের একটি কারাগারে বন্দী আছেন।
সালামের মা নেহারুন নেসা জানান, বাড়ি থেকে চলে যাওয়ার পর ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। মাস খানেক পর গ্রামের লোকজন বলাবলি করেছেন, তিনি গ্রামের আরেক ছেলের সঙ্গে মালয়েশিয়া চলে গেছেন। এখন তাঁরা জানলেন, তিনি থাইল্যান্ডের কারাগারে আছেন।
শুধু আবদুস সালাম নন, সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে গত চার মাসে সুনামগঞ্জের ১১৮ ব্যক্তি বাড়ি ছেড়েছেন। গত ২৫ জুন পর্যন্ত সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে এই তথ্য ছিল। এর মধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন ৫০ জন। মারা গেছেন চারজন। বাড়ি ফিরেছেন চারজন। অন্যরা কোথায় কীভাবে আছেন, বেঁচে আছেন কি না, তাঁদের ভাগ্যে কি ঘটেছে—এই তথ্য পুলিশের কাছে নেই। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়াদের বেশির ভাগেরই বয়স ১৭ থেকে ৩৫।
সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রে ভাসমান নৌযান এবং থাইল্যান্ডের জঙ্গল থেকে সুনামগঞ্জের এই ৫০ জনকে উদ্ধার করা হয়। এঁরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও মালয়েশিয়ার পুলিশ হেফাজতে আছেন। এঁদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা ১৫, সদর উপজেলার সাত, ছাতক উপজেলার পাঁচ, দোয়ারাবাজার উপজেলার সাত, জামালগঞ্জ উপজেলার সাত, জগন্নাথপুর উপজেলার চার, দিরাই উপজেলার চার ও তাহিরপুর উপজেলার একজন রয়েছেন। পুলিশ এসব ব্যক্তিদের বাড়িতে বিষয়টি জানাচ্ছে।
থাইল্যান্ডের কারাগারে আটক ব্যক্তিদের তালিকায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইছবপুর গ্রামের অনুকূল পালের ছেলে অসীম পালের নাম রয়েছে। গত রোববার অনুকূল পাল জানান, অসীম আড়াই মাস আগে পাশের গ্রামে একটি বিয়েতে যাবেন বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজ নেই। পরে তিনি জেনেছেন, এলাকার দামপাড়া গ্রামের রুবেল মিয়া ও আবদুস সোবহানের সঙ্গে অসীম মালয়েশিয়ায় চলে গেছেন। অনুকূল পাল বলেন, ‘অসীমের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। সে থাইল্যান্ডের কারাগারে আছে—এটা কেউ আমাকে জানায়নি। ওই দুই ছেলেরও কোনো খোঁজ নেই।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের মইনুল হক, উকারকান্দা গ্রামের সহিদুর রহমান যে কারাগারে আছেন সেটি তাঁদের পরিবারকে পুলিশ জানিয়েছে। সহিবুরের চাচা আবদুস সাহিদ জানান, তাঁর ভাতিজা তিন মাস আগে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের জামিল আহমদের সঙ্গে মালয়েশিয়া যান। এখন দুজনই কারাগারে বন্দী আছেন বলে পুলিশ তাঁদের জানিয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, চারজনের মারা যাওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁদের স্বজনেরা দাবি করেছেন, থাইল্যান্ডের জঙ্গলে নির্যাতন করে তাঁদের মেরে ফেলা হয়েছে। মুক্তিপণ দিয়েও বাঁচানো যায়নি তাঁদের। এঁরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেরহাল গ্রামের সিরাজ মিয়া, ডুংরিয়া গ্রামের সাইফুল ইসলাম, শিবপুর গ্রামের শাহিনুর আলম ও মুজিবুর রহমান। পুলিশ সুপার জানান, সুনামগঞ্জ থেকে মালয়েশিয়া সমুদ্রপথে আরও বেশি লোক গেছে। পুলিশ বিভিন্নভাবে এই ১১৮ জনের নাম-ঠিকানা সংগ্রহ করেছে। অনেকে দালালদের ভয়ে পুলিশকে জানাতে চায় না।
সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশের কারাগারে থাকা সুনামগঞ্জের ৫২ জনের তালিকা পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে। এখন সুনামগঞ্জ পুলিশের বিশেষ শাখা এই তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নাম-পরিচয় নিশ্চিত হচ্ছে।