সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক পুলিশ সদস্যের স্ত্রী (২৬) ও মেয়ের (দেড় বছর) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল পরিমল চন্দ্র ২০১৪ সালের জুন থেকে সুন্দরগঞ্জ থানায় কর্মরত। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের অক্ষয় কুমার চন্দ্রের ছেলে পরিমল সপরিবারে উপজেলা সদরের বামনজল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার রাতে স্ত্রী কৃষ্ণা রাণী ও একমাত্র শিশুকন্যা অর্পিতা রাণীকে নিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন তিনি। গতকাল ভোর পাঁচটার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন কৃষ্ণা বিছানায় নেই এবং অর্পিতা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। স্ত্রীকে খুঁজে না পেয়ে পরিমল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে তারা রান্নাঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় কৃষ্ণা রাণীর লাশ দেখতে পায়। বেলা ১০টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কৃষ্ণা রাণী ঠাকুরগাঁও সদরের কালিকাগাঁও এলাকার নলিনী কান্ত রায়ের মেয়ে।
কনস্টেবল পরিমল চন্দ্র রায় বলেন, ‘ঘটনার দিন বা এর আগে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াবিবাদ হয়নি। কিন্তু কেন এমন হলো, তা আমি অনুমান করতে পারছি না।’
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, লাশ দুটিতে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।