সুন্দরগঞ্জে ফিরেছে অপহৃত তিন স্কুলছাত্র, গ্রেপ্তার ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা ও দেওডোবা গ্রাম থেকে অপহৃত তিন স্কুলছাত্র গতকাল শনিবার সুন্দরগঞ্জে ফিরেছে। এদিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে ওই তিন স্কুলছাত্রকে মা-বাবার হাতে তুলে দেওয়া হবে।
আনোয়ার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া, আবদুল মাজেদের ছেলে শামিম মিয়া ও দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া বাড়ির পাশ্ববর্তী চৌধুরানী বাজারে বই কিনতে গিয়ে ৩ ফেব্রুয়ারি বিকেলে অপহরণের শিকার হয়। পরদিন ৪ ফেব্রুয়ারি শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে গ্রেপ্তার হওয়া আনোয়ার তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন। পরে শহিদুল থানায় একটি অভিযোগ করেন। বিকাশ নম্বরের সূত্র ধরে সুন্দরগঞ্জ থানার পুলিশ উখিয়া থানার পুলিশের সহযোগিতায় উখিয়ার বালুখালি গ্রামের বাড়ি থেকে আনোয়ারকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে। আনোয়ারের তথ্যের সূত্র ধরে ওই দিনই তিন স্কুলছাত্রকে উখিয়ার পালংখালি ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে গতকাল দুপুরে ওই তিন স্কুলছাত্রকে সুন্দরগঞ্জ থানায় আনা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, আজ রোববার আদালতের মাধ্যমে মা-বাবার হাতে ওই তিন স্কুলছাত্রকে তুলে দেওয়া হবে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘সুন্দরগঞ্জে তিন স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।