সুন্দরগঞ্জে ১০ টাকা কেজি দরের ৭৫ বস্তা চাল জব্দ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও ছাপড়হাটি ইউনিয়নের সীমান্তবর্তী মাঠেরহাট বাজার থেকে গত শনিবার রাতে ১০ টাকা কেজির ৭৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই চাল বিভিন্ন সময় কালোবাজারে ক্রয় করে মজুত রাখা হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, ২ হাজার ২৫০ কেজির ৭৫ বস্তা চাল বিভিন্ন ডিলারের কাছ থেকে কালোবাজারে ক্রয় করেন মাঠেরহাট বাজারের ফড়িয়া ব্যবসায়ী ফজলার রহমান। তিনি এই পরিমাণ চাল বাজারের একটি ভাড়া দোকানে রাখেন। গোপন সংবাদের
ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিনের নেতৃত্বে মাঠেরহাট বাজারে অভিযান চালানো হয়। বাজারের আনিছুর রহমানের মালিকানাধীন ঘরে মজুত রাখা ৭৫ বস্তা চাল জব্দ করা হয়।
আনিছুর রহমান বলেন, শ্রীপুর ইউনিয়নের ভেলু শেখের ছেলে ফজলার রহমানকে ঘরটি ভাড়া দিয়েছি। তিনি এই ঘর ভাড়া নিয়ে খাদ্যদ্রব্যের ব্যবসা করতেন। এসব চালের মালিক ওই ব্যবসায়ী।
এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল বাদী হয়ে ফজলার রহমান, আনিছুর রহমানসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ছামিউল আমিন বলেন, জব্দ করা ৭৫ বস্তা চাল শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে।
শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা চাল ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে ফজলার রহমান পলাতক। তাই মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।