সুন্দরগঞ্জে ৩৫ গরু লুট, দুই কৃষক গুলিবিদ্ধ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ারচর গ্রামে গত শনিবার দিবাগত রাতে নদীপথে ট্রলার নিয়ে এসে ডাকাতেরা কৃষকদের গরু ডাকাতি করেছে। ডাকাতেরা ওই গ্রাম থেকে ৩৫টি গরু লুট করে। এতে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে দুই কৃষক গুলিবিদ্ধ হন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত শ্যালো ইঞ্জিনচালিত পাঁচটি নৌকাযোগে কাজিয়ারচর গ্রামে হানা দেয়। তারা ওই গ্রামের সাতজন কৃষকের মোট ৩৫টি গরু লুট করে। এর মধ্যে একই গ্রামের কৃষক কালাম মণ্ডলের পাঁচটি, ওমর আলীর ছয়টি, নুরুন্নবী মিয়ার ছয়টি, মমতাজ মিয়ার পাঁচটি, রফিকুল ইসলামের সাতটি, মমতাজ আলীর পাঁচটি ও এরশাদ আলীর একটি গরু রয়েছে। এ সময় স্থানীয় লোকজন একত্র হয়ে বাধা দিলে সশস্ত্র ডাকাতেরা ১০ রাউন্ড গুলি ছুড়ে। এলাবাসী ছত্রভঙ্গ হয়ে গেলে ডাকাতেরা লুট করা গরু নিয়ে ট্রলারে করে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে কাজিয়ারচর গ্রামের কৃষক সানারুল ইসলাম (৩২) ও সালু মিয়া (৪০) গুলিবিদ্ধ হন। তাঁদের ওই রাতেই গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।