সুন্দরবন কুরিয়ার থেকে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার
রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে বলে র্যাব জানায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৩ এর অপারেশন অফিসার রবিউল করিম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর কোম্পানি-১-এর ক্যাম্প কমান্ডার কামরান কবিরের নেতৃত্বে একটি দল আজ বিকেল পাঁচটার দিকে কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। সেখানে চট্টগ্রাম থেকে আসা একটি কার্টন খুলে তাঁরা সাউন্ড বক্স উদ্ধার করেন। পরে ওই সাউন্ড বক্স খুলে সেখান থেকে সাড়ে চার হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, ইয়াবাগুলো পলিথিনে মোড়ানোর পর কালো স্কচটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর সাউন্ড বক্সের মধ্যে ঢুকিয়ে চারদিকে স্ক্রু লাগিয়ে দেওয়া হয়। একজনের নাম ঠিকানা ব্যবহার করে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-ঠিকানা বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে শনাক্তের চেষ্টা চলছে।