সুন্দরবন থেকে অস্ত্রসহ পাঁচ বনদস্যু আটক
সুন্দরবনের জোংড়া খাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র প্রধানসহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও ১৯০টি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, দস্যু দমনের অংশ হিসেবে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদসংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা দুরবিন যন্ত্রের সাহায্যে বনের মধ্যে দস্যুদের অবস্থান শনাক্ত করেন। এরপর র্যাব সদস্যরা বনের ভেতর ঢুকলে দস্যুরা পালিয়ে যেতে থাকে। এ সময় ধাওয়া করে বড় ভাই বাহিনীর প্রধান মোশারফ গাজীসহ (৩০) মো. সুমন হাওলাদার (২৫), মো. এনামুল শেখ (২৮), মো. ইয়াছিন মল্লিক (৩২), মো. সামাদ মোল্লাকে (২৫) আটক করা হয়।
দস্যুদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার জয়মনি ও সুলতানিয়া গ্রামে। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি দুইনলা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি বিদেশি রাইফেল ও একটি বিদেশি কাটা রাইফেল ও ১৯০টি গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানার পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আদনান কবির আরও বলেন, দুই বছর ধরে বড় ভাই বাহিনী সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া, ছোট কলাগাছিয়া নদী এবং নদীসংলগ্ন বিভিন্ন খাল, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন অঞ্চলসহ বঙ্গোপসাগরে ডাকাতি, নিরীহ জেলেকে অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে আসছিল। জেলেদের অপহরণ করে তাঁদের পরিবারকে ফোন করে বিপুল অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করে আসছিল। এ বাহিনীর অন্য সদস্যদের আটকে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।