সুন্দরবন থেকে ইলিশ, জালসহ তিনটি ট্রলার জব্দ
সুন্দরবনের মাঝের চর এলাকা থেকে গত বৃহস্পতিবার এক হাজার ২০০ কেজি ইলিশ, ৬২ হাজার মিটার জাল ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
মংলা কোস্টগার্ডের পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন নয়ন বলেন, সরকারের ‘মা-ইলিশ রক্ষা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কোস্টগার্ডের দুবলা স্টেশনের অপারেশন দল মাঝের চর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা তিনটি মাছ ধরার ট্রলার, ৬২ হাজার মিটার ইলিশ মাছ ধরার জাল, এক হাজার ২০০ কেজি মা-ইলিশ ও ৪০০ কেজি অন্যান্য মাছ উদ্ধার করে।
ট্রলার, জাল ও মাছ গতকাল শুক্রবার দুপুরে মংলা উপজেলা মৎস্য কার্যালয়ে হস্তান্তর করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কোস্টগার্ড কাউকে আটক করতে পারেনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা-ইলিশ রক্ষার জন্য সরকার ৫ থেকে ১৫ অক্টোবর ইলিশ ধরা নিষেধ করেছিল। মাছগুলো নিষেধাজ্ঞার সময় ধরায় তা জব্দ করা হয়েছে।