সুন্দরবন থেকে এক জেলেকে অপহরণ
মুক্তিপণের দাবিতে একজন জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘বড়ভাই বাহিনী’। ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের নচুখালী খাল থেকে গত মঙ্গলবার তাঁকে অপহরণ করা হয়।
এক সপ্তাহের মধ্যে মুক্তিপণের টাকা পৌঁছে না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
অপহৃত জেলের নাম কঞ্জুলাল কাহার (২৬)। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে।
ভেটখালী গ্রামের পবন কাহার ও শংকর সরদার জানান, তাঁরা মঙ্গলবার সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে যান। মঙ্গলবার সন্ধ্যায় নচুখালী খালে কাঁকড়া ধরার সময় বনদস্যু বড়ভাই বাহিনীর পরিচয়ে একদল বনদস্যু তাঁদের নৌকা আটক করে। পরে তারা কঞ্জুলালকে তুলে নিয়ে যায় এবং এক সপ্তাহের মধ্যে ৩০ হাজার টাকা নির্দিষ্ট মুঠোফোন নম্বরে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে বলে। টাকা না পাঠালে কঞ্জুলালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
কৈখালী স্টেশনের স্টেশন কর্মকর্তা এফ এম জামাল জানান, এ ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।