মুক্তিপণের দাবিতে বনদস্যু মুন্না বাহিনী ১৬ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ছোট কেয়াখালী খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
এদিকে অপহরণের ১৩ দিন পর জলদস্যুদের মুক্তিপণ দিয়ে গতকাল পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে এসেছেন ছয় জেলে।
সাতক্ষীরায় অপহরণের শিকার জেলেদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মোজাম গাজী (৩২), মিলন গাজী (২৩), সাইফুল সরদার (২৪) ও মনিরুল ইসলাম ঢালী (২২)।
সুন্দরবন থেকে ফিরে আসা দুজন জেলে জানান, তাঁরা ১৬টি নৌকায় ৩২ জন গতকাল সকালে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে যান। বেলা একটার দিকে ছোট কেয়াখালী খালে বনদস্যু মুন্না বাহিনীর পরিচয়ে দুটি ট্রলারে করে ১৫-১৬ এসে তাঁদের ঘেরাও করে।
পরে তারা নৌকাপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। তাঁরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রতিটি নৌকা থেকে একজন করে ১৬ জন জেলেকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আগামী তিন দিনের মধ্যে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকা পৌঁছে দিতে বলে যায়। তা না হলে অপহৃত জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় তারা।
এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তিনি শুনেছেন মুক্তিপণের দাবিতে ছোট কেয়াখালী খাল থেকে ১৬ জন জেলেকে গতকাল দুপুরে বনদস্যুরা তুলে নিয়ে গেছে। এ বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।
মুক্তিপণ দিয়ে গতকাল সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসা ওই ছয় জেলেকে একটি ট্রলারসহ ৩ জুন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে একটি ট্রলার ও ওই ছয় জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। অপহরণের শিকার জেলেরা জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় সুন্দরবনের গহিন জঙ্গলে ১৩ দিন ধরে বন্দী ছিলেন।
নাম-পরিচয় গোপন রাখার শর্তে ফিরে আসা এক জেলে বলেন, ‘আমাদের নিয়মিত খাবার দেওয়া হতো না এবং এ কথা ফোনে স্বজনদের জানিয়ে মুক্তিপণ আদায়ে তাগাদা দেওয়া হতো। স্বজনেরা ধারদেনা করে মুক্তিপণ পরিশোধ করেছেন।’