সুন্দরবন থেকে ১৯ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে বনদস্যু রেজা বাহিনী গুলি চালিয়ে ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় পাঁচটি নৌকা ও এক হাজার কেজি কাঁকড়া লুট করেছে তারা।
অপহৃত ব্যক্তিদের মুক্তিপণ বাবদ মাথাপিছু ৪০ হাজার টাকা করে দাবি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের কচুখালীতে এ ঘটনা ঘটে।
ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের শহীদুল ইসলাম ও সুন্দরবন গ্রামের নেছার আলী জানান, সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন থেকে অনুমতি নিয়ে গত ২৩ অক্টোবর তাঁরা ১৭টি নৌকায় করে ৫১ জন জেলে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরা শেষে গতকাল সুন্দরবন থেকে ফেরার পথে কালিন্দি নদীর কচুখালি এলাকায় বনদস্যু রেজা বাহিনীর সদস্যরা তাঁদের লক্ষ্য করে ১২ থেকে ১৪টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তাঁরা নৌকা নিয়ে যে যার মতো বনের ছোট ছোট খালে ঢুকে পড়েন। ঘটনাস্থল থেকে বনদস্যুরা ২৮ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। লুট করেছে প্রায় এক হাজার কেজি কাঁকড়া, খাদ্য ও নয়টি নৌকা।
বনদস্যুদের কাছ থেকে ছাড়া পাওয়া শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের কামরুল গাজী ও শওকাত গাজী জানান, গতকাল দুপুরে অপহরণ করা জেলেদের মধ্য থেকে সেপ্টেম্বর মাসে তাঁরা দুজনসহ নয়জনকে অপহরণ করেছিল বনদস্যু রেজা বাহিনী। পরে মুক্তিপণ বাবদ মাথাপিছু ২০ হাজার করে টাকা আদায় করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ জন্য গতকাল অপহরণ করার পর ওই নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন কর্মকর্তা এস এম জামাল জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে নয়জন জেলেকে উদ্ধার করা হয়েছে। প্রকৃতপক্ষে কতজন জেলেকে রেজা বাহিনী অপহরণ করেছে, তা এখনই বলা যাচ্ছে না।