সুন্দরবনসংলগ্ন এলাকায় নিষিদ্ধ জালে চিংড়ির পোনা নিধন
সুন্দরবনসংলগ্ন নদী ও এর আশপাশের খালে জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ির পোনা ধরছেন। এ পোনা আহরণের সময় অন্য মাছের পোনা ধ্বংস হচ্ছে। অভিযোগ উঠেছে, কোস্টগার্ড নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালালেও মৎস্য অধিদপ্তরের ভূমিকা নামমাত্র।
মোংলা উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস বাগদা ও গলদা চিংড়ির পোনা আহরণের মৌসুম। প্রতিবছর সাগর ও সুন্দরবনের বিভিন্ন নদী-খালে পোনা ধরতে আসা জেলেরা উপকূলসংলগ্ন নদীর চরে অস্থায়ী বসতি গড়ে তোলে।
মোংলার চিংড়িঘের ব্যবসায়ী ও মিঠেখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান বলেন, হ্যাচারির পোনার তুলনায় নদীর পোনা ঘেরে ছাড়লে উৎপাদন অনেক বেশি হয় বলে চিংড়িচাষিদের বিশ্বাস। এ কারণেই ব্যবসায়ীদের কাছে নদীর পোনার চাহিদা বেশি। হ্যাচারির পোনার তুলনায় এ পোনার দামও বেশি হওয়ায় জেলেরা পাল্লা দিয়ে নদী-খাল থেকে এ সময় পোনা আহরণে ব্যস্ত থাকেন।
এই প্রতিবেদক গত এক মাসে সুন্দরবনসংলগ্ন পশুর নদীর বাজুয়া, লাউডোব, আমতলা, বানিশান্তা বাজার, চিলা, জয়মনিরঘোল এলাকা এবং মোংলা নদীর মাছমারা, নারকেলতলা, পাকখালী, জয়খাঁ এলাকা ঘুরে দেখতে পান, প্রতিদিন বিপুলসংখ্যক জেলে কারেন্ট জাল দিয়ে পোনা ধরছেন। কোস্টগার্ড অভিযান চালালে তাঁরা মূল নদীতে নামেন না। তখন তাঁরা নদীসংলগ্ন বিভিন্ন খালের মুখে হিচি জাল (একপ্রকার টানা জাল) দিয়ে মাছ ধরেন। এর ফাঁস ছোট হওয়ায় এতে সব রকমের পোনা আটকে যায়। একই অবস্থা দেখা যায় সুন্দরবনসংলগ্ন শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন নদী-খালেও।
সরেজমিনে দেখা যায়, জেলেরা জালে ধরা পড়া সব মাছ ও মাছের পোনা নিয়ে ডাঙায় উঠে যান। তারপর তাঁরা সেখান থেকে বাগদা ও গলদা চিংড়ির পোনাগুলো আলাদা করেন এবং বাকি পোনাগুলো ফেলে দেন। সেগুলো আর পানিতে ফেলেন না। এভাবে অসংখ্য পোনা প্রতিদিন মারা যাচ্ছে।
উত্তর চাঁদপাই গ্রামের ৬০ বছর বয়সী কৃষক রফিকুল ইসলাম মোংলা নদী ও এর আশপাশের খালে মাছ ধরেন। তিনি বলেন, ‘১০ বছর আগেও আমাগে নদী, খাল-বিলে পাইশ্যা, পাতাড়ি (কোরাল), হরিণা চিংড়ে, ঘুষো চিংড়ে, টিংরাসহ নানা রকমের মাছ পাওয়া যাত। কারেন্ট জাল দিয়ে চিংড়ে মাছের পুনা দরতি যাইয়ে কিছু জাইলে সব শেষ কইরে দিইছে। এহন তাগে কাছ থেকে এই সব মাছের পুনা আমাগে টাকা দিয়ে কিইনে পুকুরে-ঘেরে ছাড়তি হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক পরিসংখ্যানে দেখা যায়, একটি বাগদা বা গলদার পোনা আহরণ করতে গিয়ে জেলেরা ১৯ রকম চিংড়ি প্রজাতির পোনা, ৩১ রকম অন্য মাছের পোনা ও তিন শতাধিক জলজ উদ্ভিদ ধ্বংস করছেন। দেশের মৎস্য সম্পদের জন্য এ ক্ষতি অপূরণীয়। এ সম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে কারেন্ট জাল ব্যবহারের ক্ষতির দিক সম্পর্কে স্থানীয় জনসাধারণকে আরও বেশি করে জানাতে হবে।
নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছেন এমন ছয়জন জেলে বলেন, কোস্টগার্ড এ এলাকার নদীতে প্রায়ই অভিযান চালায়। তারা নদীর ভেতরের দিকে খালে যায় না। আর মৎস্য কর্মকর্তারা তেমন একটা আসেন না।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন রকম কারেন্ট জাল দিয়ে পোনা আহরণ নিষিদ্ধ হলেও দরিদ্র জেলেরা মাঝে মাঝেই এভাবে পোনা সংগ্রহ করে। তবে তিনি বলেন, অভিযান ও সচেতনতা বৃদ্ধির ফলে নিষিদ্ধ জালের ব্যবহার এখন অনেক কম। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিয়মিত তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কোস্টগার্ড পশ্চিমাঞ্চল চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১২৯ কোটি ২৯ লাখ টাকার বিভিন্ন প্রকার কারেন্ট জাল জব্দ করেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. ফরিদুজ্জামান খান বলেন, সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী-খালে বন বিভাগ জেলেদের মাছ ধরার অনুমতি দেয়। কিছু জেলে এই সুযোগে প্রচলিত জালের সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করেন।